পটুয়াখালীতে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার হাতে ১০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পটুয়াখালী জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা ও চেক বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সেহাংগু সরকার (কুটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাফাক আহমেদ (পিনু)। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান (টোটন)।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ৩৪ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক ও ১০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের মুক্তিযুদ্ধকালীন অবদান ও দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের পেছনে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান চিরস্মরণীয়। তাঁদের সাহস, আত্মত্যাগ ও সংগ্রামের কারণেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। তাই বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া সবার দায়িত্ব।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সেহাংগু সরকার (কুটি) বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের অবদান কখনোই ভুলে যাওয়ার নয়। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ভবিষ্যতে জেলা পরিষদের পক্ষ থেকে আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা পেয়ে বীর মুক্তিযোদ্ধারা জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতামত