পটুয়াখালীতে শিক্ষিত ও বেকার তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তিন মাসব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। পটুয়াখালী জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে জেলার ১০০ জন তরুণকে ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী শহরের মিঠাপুকুর পাড়ের টাউন স্কুল রোডের পুরান বাজার এলাকায় Drive To Traffic IT Training Institute & Growth Solution-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়।
তিন মাসের এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশনের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে ফ্রিল্যান্সিং, অনলাইনভিত্তিক পেশা ও আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে তাঁদের প্রস্তুত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, পটুয়াখালীর জেলা আইসিটি কর্মকর্তা সবুজ তালুকদার এবং Drive To Traffic IT Training Institute & Growth Solution-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সপ্তক চ্যাটার্জী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।
বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে কর্মবাজারেও পরিবর্তন আসছে। বিশেষ করে ডিজিটাল মার্কেটিং ও কনটেন্টভিত্তিক কাজের পরিধি বাড়ায় তরুণদের এসব বিষয়ে দক্ষ করে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা হিসেবে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন।
আয়োজকরা জানান, প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কীভাবে বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগানো যায়, সে বিষয়েও তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
তাঁদের প্রত্যাশা, তিন মাসের প্রশিক্ষণ শেষে ১০০ তরুণ ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশনে কার্যকর দক্ষতা অর্জন করবেন। এর মাধ্যমে পটুয়াখালীতে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
মতামত