ভোলার মনপুরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া এলাকার শাকিল (২২) এবং একই ইউনিয়নের বাসিন্দা আল আমিন (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মনপুরা থানার একটি দল মঙ্গলবার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রহমানের চায়ের দোকানের সামনে ইটসোলিং সড়কে সন্দেহভাজন অবস্থায় থাকা দুই যুবকের কাছে তল্লাশি চালানো হয়। তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে মামলাটির নম্বর ১৫, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ৯২।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
মতামত