পটুয়াখালী পৌরসভার দক্ষিণ সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সবুজবাগ এলাকায় পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ইউনুচ বিশ্বাসের গ্যারেজসংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ২০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে অবস্থান করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হাসান বিশ্বাস (৩০) ও মো. জাহিদুল ইসলাম রনি (২৪)। তারা দুজনই পটুয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সবুজবাগ (খালপাড়) এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইন মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পটুয়াখালী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
মতামত