পটুয়াখালীর বাউফলে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় অনুসন্ধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা এসডি আব্দুল্লাহ শিবলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বাউফলের কিছু সংবাদকর্মী যথাযথভাবে তথ্য যাচাই না করেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করছেন। তবে একই সঙ্গে পেশাদারিত্ব, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করে আসা স্থানীয় সাংবাদিকদের প্রশংসা ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়, বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ দাবি, আপত্তিকর বা অনৈতিক কনটেন্ট প্রকাশ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে।
এ প্রসঙ্গে বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি খালিদুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর সেখান থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয় শেয়ার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সেখান থেকে প্রকাশিত তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ হিসেবে প্রকাশ করা উচিত নয়। সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং তথ্যের উৎস ও সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের আগে অভিযুক্ত ও ভুক্তভোগী—উভয় পক্ষের বক্তব্য নেওয়া প্রয়োজন। পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় অনুসন্ধানের মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। ব্যক্তিগত বিষয় সংবাদে তুলে ধরার ক্ষেত্রেও সাংবাদিকদের আরও সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
মাওলানা এসডি আব্দুল্লাহ শিবলী বলেন, যাচাই-বাছাইহীন, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশের মাধ্যমে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা উচিত নয়। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তথ্য যাচাই, ভারসাম্যপূর্ণ বক্তব্য এবং অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মতামত