বেতাগী পৌরসভার ১৭ কোটি টাকার প্রকচল্পে প্রায় ১০ কোটি টাকা অনিয়মের অভিযোগ, বদলির পরও পিছু ছাড়ছে না বিতর্ক
বদলি হয়ে পটুয়াখালী পৌরসভায় যোগ দিলেও বেতাগী পৌরসভায় দায়িত্ব পালনকালে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পিছু ছাড়ছে না প্রকৌশলী জসিম উদ্দিনের। কুয়েত ফান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (UIIP)-এর প্রায় ১৭ কোটি টাকার উন্নয়নকাজে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর মধ্যে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগসহ বিভিন্ন প্রকল্পে মোট প্রায় ১০ কোটি টাকার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ রয়েছে, বেতাগী পৌরসভায় দীর্ঘ আট বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে প্রকৌশলী জসিম উদ্দিনের সময়ে বাস্তবায়িত ১৭টি প্যাকেজের বিভিন্ন উন্নয়নকাজে অনুমোদিত প্রাক্কলনের তুলনায় কম কাজ করে পুরো বিল উত্তোলন করা হয়েছে। পার্ক ও খেলার মাঠ নির্মাণ, শাকসবজি বাজার, আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এসব অনিয়মের অভিযোগ করা হয়েছে।
অভিযোগের অন্যতম দিক হলো—৪৩৯টি ময়লার বাস্কেট কেনার কথা থাকলেও বাস্তবে একটিও সরবরাহ করা হয়নি। ২০টি ভ্যানের ক্ষেত্রেও নামমাত্র সরবরাহ দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
একইভাবে বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেট নির্মাণের কোনো দৃশ্যমান অস্তিত্ব না থাকলেও সংশ্লিষ্ট কাজের পুরো বিল পরিশোধের অভিযোগ উঠেছে।
এ ছাড়া সোলার প্যানেল ও সড়কবাতি স্থাপনের কাজেও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত কাজের প্রায় ৩০ শতাংশ বাস্তবায়ন করেই এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে প্রায় ৪৫ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে। এসব অভিযোগের পাশাপাশি ২০১৪ সালের এডিবি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় ১৬ কোটি ৮২ লাখ টাকার প্রকল্পেও প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বাসণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার নির্মাণেও কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে; ভবনের ফ্লোরে ফাটল দেখা দেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযোগের বিষয়ে মাঠপর্যায়ে বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও নথিপত্র যাচাই করে অনিয়মের তথ্য পাওয়ার দাবি করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে দুদকও অনুসন্ধানমূলক কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
দুদক পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, প্রকৌশলী জসিম উদ্দিন বর্তমানে পটুয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। বেতাগী পৌরসভায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত ইতোমধ্যে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান কার্যালয়ের অনুমোদন ও পরবর্তী সিদ্ধান্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি এগোবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে প্রকৌশলী জসিম উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগগুলোর সত্যতা, প্রকল্পের বাস্তবায়ন ব্যয় এবং বিল পরিশোধের বৈধতা যাচাই সাপেক্ষেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মতামত