পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের গেদু খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার বাসিন্দা কালাম খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশুটির মা খাদিজা বেগম পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে বাড়ির বাইরে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে থাকা পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোক বিরাজ করছে।
শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের আবহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ।
মতামত