পটুয়াখালীর বাউফলে গ্রাম পুলিশ সদস্যদের ৩০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের ক্লাস নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহম্মেদ। প্রশিক্ষণে গ্রাম পুলিশের দায়িত্ব, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবা নিশ্চিতকরণে তাঁদের ভূমিকা এবং আইনগত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে একটি সেশন পরিচালনা করেন ইউএনও সালেহ আহম্মেদ।
প্রশিক্ষণকালে তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশের ভূমিকা, নিবন্ধনের প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেন।
ইউএনও সালেহ আহম্মেদ বলেন, “জন্ম নিবন্ধন একজন নাগরিকের পরিচয় ও বয়সের আইনগত স্বীকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে সঠিক জন্ম নিবন্ধনের গুরুত্ব রয়েছে। একইভাবে মৃত্যুর সঠিক তথ্য সংরক্ষণের জন্যও সময়মতো মৃত্যু নিবন্ধন করা প্রয়োজন।”
এ সময় তিনি ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’-এর আলোকে ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট স্থায়ী কমিটি এবং গ্রাম পুলিশ সদস্যদের আইনগত দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে দ্রুত ও নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে শুধু আইনগত বিষয় নয়, গ্রাম পুলিশের মাঠপর্যায়ের দায়িত্ব ও করণীয় নিয়েও বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ফিজিক্যাল ট্রেনিং (পিটি), আগের দিনের ক্লাসের পর্যালোচনা, দুর্যোগ ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশের ভূমিকা, রাত্রিকালীন টহলের প্রয়োজনীয়তা এবং থানার আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়ক শক্তি হিসেবে গ্রাম পুলিশের দায়িত্ব।
প্রশিক্ষণ সংশ্লিষ্টরা জানান, গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানো, তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া এবং জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় করার লক্ষ্যেই বাউফলে মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় গ্রাম পুলিশ সদস্যদের কার্যকর ভূমিকা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মতামত