পটুয়াখালীর দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ মো. হাবিব হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করার পর তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের রাস্তার মাথায় পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন ওই এলাকায় হাবিব হাওলাদারকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দুমকি থানার পুলিশ সদস্য মো. সজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে হাবিবকে নিজেদের হেফাজতে নেন।
পরে তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক হাবিব হাওলাদার দুমকি উপজেলার বাসিন্দা এবং তার বাবার নাম দেলোয়ার হাওলাদার।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১৬ অনুযায়ী অপরাধের অভিযোগে হাবিব হাওলাদারকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে আসামি মো. হাবিব হাওলাদারকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা এবং জরিমানার অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আদালতের আদেশের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মতামত