বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধর করে আহত করার ঘটনায় ফয়সাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ওই ঘটনায় তিনি প্রধান অভিযুক্ত।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পঞ্চম শ্রেণির ওই ছাত্রী অভিযুক্ত ফয়সালের দূরসম্পর্কের আত্মীয় ও প্রতিবেশী। অভিযোগ রয়েছে, ফয়সাল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
ঘটনার দিন স্কুল শেষে বাড়ি ফেরার সময় ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের এক পাশে ফয়সাল ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীর পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে সেখানে তাকে মারধর করা হয়। হামলায় ছাত্রীটি আহত হয় এবং তাঁর দাঁত ভেঙে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে সহপাঠী ও স্থানীয়রা আহত ছাত্রীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।
মামলা হওয়ার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের অবস্থান শনাক্ত করতে নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযান শুরু করে এসআরবি-৮। এরই ধারাবাহিকতায় বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
গ্রেপ্তার ফয়সালের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত