মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অভিযানের সময় আরও একজন পালিয়ে যায়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে মহিপুর মৎস্যবন্দরের সুগন্ধা মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মহিপুর থানার একটি বিশেষ টিম শামসুল হক বিশ্বাসের ফিডার (মেশিনারিজ) দোকানে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শামসুল হক বিশ্বাস (৩৫) ও মো. ছিদ্দিক হাওলাদার ওরফে ছিদ্দিক মাঝি (৪০)। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকা মাদক বিক্রির কাজে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক ব্যক্তির বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত