পটুয়াখালীর বাউফল পৌর শহরে তরিকুল ইসলাম তুহিন নামে এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে দুই মুখোশধারী ব্যক্তির বিরুদ্ধে। বাসায় ফেরার পথে পথরোধ করে আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের শেরেবাংলা সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের দিকে ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফিরছিলেন তরিকুল ইসলাম তুহিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেরেবাংলা সড়কে পৌঁছালে দুই ব্যক্তি মুখোশ পরা অবস্থায় তার গতিরোধ করে।
একপর্যায়ে মুখোশধারীরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একটি আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে আঘাত করতে থাকে বলে অভিযোগ। হামলা থেকে নিজেকে রক্ষা করতে তুহিন প্রতিরোধের চেষ্টা করলে হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত তুহিনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা তার মাথায় ফোলা জখম দেখতে পান বলে জানা গেছে।
ভুক্তভোগী তরিকুল ইসলাম তুহিন বলেন, তিনি বাসায় ফেরার সময় হঠাৎ দুই মুখোশধারী ব্যক্তি তার পথরোধ করেন। এরপর তারা তাকে মারধর করেন। একপর্যায়ে চিৎকার করলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
ঘটনার খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হামলার পেছনে কী কারণ থাকতে পারে এবং হামলাকারীদের পরিচয় কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তদন্তের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মতামত