‘মাদক ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের আয়োজনে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পটুয়াখালী জেলা পর্যায়ে প্রথম হয়েছেন দশমিনা উপজেলার মো. আরিফ হোসেন সিকদার। তাঁর এ সাফল্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃতী এই তরুণ খেলোয়াড়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
জানা যায়, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বাংলাদেশ পুলিশ ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ আয়োজন করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দশমিনা থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কাবাডি দলের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওই প্রতিযোগিতায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আরিফ হোসেন সিকদার শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। তাঁর নৈপুণ্যে নজর কাড়েন সংশ্লিষ্টরা। পরে উপজেলা পর্যায়ের বাছাই থেকে তাঁকে জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়।
এরপর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা শহরের শহীদ মিনারসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’। জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা খেলোয়াড়রা এতে অংশ নেন। প্রতিযোগিতায় অন্য খেলোয়াড়দের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন দশমিনার আরিফ হোসেন সিকদার।
জেলা পর্যায়ে সাফল্যের পর এবার বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় পটুয়াখালী জেলার প্রতিনিধিত্ব করবেন আরিফ। বিভাগীয় পর্যায়েও ভালো ফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁর স্বজন, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মাদ সাজেদুল ইসলাম সজল। এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ সাজেদুল ইসলাম সজল বলেন, মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই বাংলাদেশ পুলিশ কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে। জেলা পর্যায়ে দশমিনার মো. আরিফ হোসেন সিকদার প্রথম হয়েছেন। তাঁকে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। জাতীয় পর্যায়ে সফল হলে তাঁর জন্য বিশেষ প্রশিক্ষণসহ ক্রীড়াক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় আরিফ হোসেন সিকদার প্রথম হওয়ায় আমরা আনন্দিত। বিভাগীয় পর্যায়ের খেলায় দশমিনা থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, জেলা পর্যায়ে প্রথম হয়ে আরিফ দশমিনার জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন সৈকত, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা।
তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
মতামত