পটুয়াখালীর দুমকি উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন খান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লেবুখালী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, অভিযুক্ত দেলোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে শিশুটিকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সর্বশেষ সোমবার বিকেলে শিশুটিকে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
পরিবারের দাবি, এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে দুমকি থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, লেবুখালীর পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ারসংলগ্ন এলাকার বাসিন্দা আ. সালাম হাওলাদারের অভিযোগের ভিত্তিতে দেলোয়ার হোসেন খানকে আটক করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আটক দেলোয়ার হোসেন খান। তাঁর দাবি, তাকে পরিকল্পিতভাবে এ মামলায় জড়ানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে স্থানীয় একটি চক্র ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই চক্রের সদস্যরা ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে বলে দাবি করেন তিনি।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “উভয় পক্ষের বক্তব্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মতামত