মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ মিজানুর আকন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর আকন ওই গ্রামের আঃ মজিদ আকনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মির্জাগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের দায়িত্বে থাকা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিজানুর রহমানের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাওসার আহমেদ।
পরে বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মিজানুর আকনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
মতামত