মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মো. বায়জিদ হাওলাদার (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা মো. ইদ্রিস আলী ওরফে নুডুলস (৪৭) নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে মহিপুর থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম। তাঁর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে বায়জিদ হাওলাদারকে আটক করে। পরে তার কাছ থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বায়জিদ হাওলাদার মহিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিপুর এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত। অভিযানের সময় তার সঙ্গে থাকা মো. ইদ্রিস আলী ওরফে নুডুলস পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি লতাচাপলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩১(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০৭ এবং তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মো. বায়জিদ হাওলাদারকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে। একই সঙ্গে পলাতক আসামি মো. ইদ্রিস আলী ওরফে নুডুলসকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মহিপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্ত এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
মতামত