পটুয়াখালীর দশমিনায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই সার ডিলারকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কৃষকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়ার পর তাদের এ অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (৩০ আগস্ট) বিকেল ২টার দিকে উপজেলার নলখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
অভিযানকালে নলখোলা বন্দরের দুটি সার বিক্রয়কেন্দ্রে গিয়ে সরকার নির্ধারিত মূল্যের সঙ্গে বিক্রয়মূল্য যাচাই করা হয়। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
পরে সংশ্লিষ্ট আইনে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন নলখোলা বন্দরের মেসার্স লুনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অমল সাহা এবং একই বাজারের মেসার্স হাতেম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাতেম আলী।
এর মধ্যে অমল সাহাকে ৮ হাজার টাকা এবং হাতেম আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানের সময় প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষকদের কাছে ন্যায্য দামে সার পৌঁছে দিতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
মতামত