পটুয়াখালীর কলাপাড়ায় বাক্প্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বাজারের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই বাজারের রমনী (৪০) নামের এক ব্যক্তির সেলুনের সামনে দিয়ে বাক্প্রতিবন্ধী ওই নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় রমনী ওই নারীর হাত ধরে সেলুনের ভেতরে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি কয়েকজন ব্যবসায়ী দেখে ফেলেন। পরে রাত ১০টার দিকে ঘটনাটি মীমাংসার জন্য স্থানীয়ভাবে বৈঠক বসে। সেখানে ওই ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর তাকে গ্রাম পুলিশের জিম্মায় দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তারা রাজি না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী জুয়েল তাকে নিজের জিম্মায় নিতে আগ্রহ প্রকাশ করেন।
এ নিয়ে জুয়েলের সঙ্গে বানাতী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল হাওলাদারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। এতে রুবেল হাওলাদারসহ দুই থেকে তিনজন আহত হন।
এ ঘটনার বিচার দাবিতে শুক্রবার সকালে ব্যবসায়ীরা প্রায় ৩৫০টি দোকান বন্ধ রেখে বাজারে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এতে জুয়েল, জুবায়ের, ইমরান, মনির ও কামালসহ দুই পক্ষের অন্তত আটজন আহত হন।
বানাতী বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হেমায়েত উদ্দিন হিরন বলেন, পুরো ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রাখা হবে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত