পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সদ্য ঘোষিত সাত সদস্যের আংশিক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের একাংশ। ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়নের দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের একাংশ ও পদবঞ্চিত নেতাকর্মীরা যৌথভাবে মানববন্ধনের আয়োজন করেন। প্রায় এক ঘণ্টার কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে দলের দুঃসময়ে যারা মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, হামলা-মামলা ও নানা ধরনের হয়রানি মোকাবিলা করেছেন, তাদের উপেক্ষা করে কোনো কমিটি গঠন করা হলে তা তৃণমূল নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য হবে না। তাদের অভিযোগ, সম্প্রতি ঘোষিত উপজেলা যুবদলের আংশিক কমিটিতে ত্যাগী ও যোগ্য অনেক নেতাকে বাদ দেওয়া হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, কমিটি গঠনের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই করা হয়নি। তাদের দাবি, ঘোষিত কমিটিতে এমন কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ব্যক্তিদেরও কমিটিতে রাখা হয়েছে বলে তারা দাবি করেন। এসব বিষয় দলীয় নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধনে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সুজন, মো. বাবুল মুন্সি ও মো. শাহীন ফরাজীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের বাদ দিয়ে শুধু ব্যক্তিগত পছন্দ বা সুপারিশের ভিত্তিতে সাংগঠনিক কমিটি গঠন করা হলে তৃণমূল পর্যায়ে অসন্তোষ আরও বাড়বে। তারা যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা বিবেচনায় নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
তাদের দাবি, মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি দ্রুত বাতিল করে তৃণমূলের মতামত ও গ্রহণযোগ্যতা বিবেচনায় একটি নতুন কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে দলের ঘোষিত কমিটির দায়িত্বশীলদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মতামত