পটুয়াখালীর গলাচিপায় ১৭টি জীবিত সন্ধি কচ্ছপসহ মো. রেজাউল মৃধাকে আটক করেছে বন বিভাগ। বুধবার (২৬ আগস্ট) দুপুরে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খেওয়াঘাটসংলগ্ন পানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রীর নেতৃত্বে বন বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ইঞ্জিনচালিত স্টিল ট্রলারে তল্লাশি চালানোর উদ্যোগ নেওয়া হলে পাটের বস্তাসহ পালানোর চেষ্টা করেন রাঙ্গাবালী উপজেলার মরাজাঙ্গী গ্রামের মো. রেজাউল মৃধা। পরে তাকে আটক করা হয়।
আটকের পর তার ট্রলারে তল্লাশি চালিয়ে ১৭টি জীবিত সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়। বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মোট আনুমানিক ওজন ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল মৃধা কচ্ছপগুলো বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, আটক রেজাউল মৃধার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ১০/৩৪(খ) ধারায় এজাহার দায়ের করা হয়েছে।
পরে উদ্ধার করা ১৭টি কচ্ছপ নদীতে অবমুক্ত করা হয়।
মতামত