পটুয়াখালীর কলাপাড়ায় ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’, ‘৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের ‘পায়রা’ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম, জেলা ক্রীড়া সংগঠক সাইফুল আরা বায়জিদ, বাংলাদেশ নারী হকি দলের সাবেক খেলোয়াড় পারভিন আক্তার, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহিম, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানিকান্ত, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী এবং ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক তারেক আমান সুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় আসন্ন প্রতিযোগিতাগুলোকে সুশৃঙ্খল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে খেলার মাঠ প্রস্তুত, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই, দল গঠন, প্রয়োজনীয় সরঞ্জাম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। তাই প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিযোগিতাগুলো সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া শিক্ষক, উপজেলা প্রশাসন ও আয়োজকদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
মতামত