পটুয়াখালীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে এ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই পটুয়াখালীসহ দেশের ৬৪ জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে অর্থ জমা হতে শুরু করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় সারাদেশে মোট ১ লাখ ২৯ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী অর্থ সুবিধা পাচ্ছেন। এর মধ্যে পটুয়াখালী জেলার ৫৩৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন।
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইএফটি ব্যবস্থায় সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ফলে ভোগান্তি কমার পাশাপাশি অর্থ বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা এসেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, ইএফটির মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ও প্রাপ্য অর্থ হস্তান্তরের এই কার্যক্রম ভবিষ্যতেও নির্বিঘ্নে অব্যাহত থাকবে।
মতামত