পটুয়াখালীতে মাদক মামলার জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. কামাল মাঝি (২৮)। তিনি পটুয়াখালী শহরের ২ নম্বর ওয়ার্ডের বল্লভপুর এলাকার বাসিন্দা এবং মৃত হানিফ মাঝির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কামাল মাঝি দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলা রয়েছে এবং ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) পটুয়াখালী সদর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে এএসআই (নিরস্ত্র) মো. সুমন হাওলাদারের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) বাইজিদ আহম্মেদ, এএসআই (নিরস্ত্র) মো. সালাউদ্দিন প্রধানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানের একপর্যায়ে পুলিশ বল্লভপুর এলাকার কামাল মাঝির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কামাল মাঝির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত