বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) পটুয়াখালী শাখার ৪৬তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পটুয়াখালীতে অবস্থিত এফপিএবির আলমগীর এম এ কবির প্রশিক্ষণ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি, সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এফপিএবি পটুয়াখালী শাখার সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার (কুট্টি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু। এ ছাড়া উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন, এফপিএবির জাতীয় পরিষদের সদস্য জি এস আলমগীর হোসেন বাচ্চু, সংস্থাটির অর্থ সম্পাদক টিপু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিকল্পিত পরিবার গঠনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবার পরিকল্পনা সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্ব দিতে হবে।
বক্তারা সংস্থার চলমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, পরিকল্পিত পরিবার গঠন ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
সভায় এফপিএবি পটুয়াখালী শাখার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এফপিএবি পটুয়াখালী শাখার সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মতামত