‘আমাদের ভূমি, আমাদের অধিকার—আদিবাসী জীবন ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটার গোড়া আমখোলা পাড়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
রোববার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে আমখোলা পাড়া রাখাইন কমিউনিটি সেন্টারে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে গোড়া আমখোলা পাড়া থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আলীপুর-গোড়া আমখোলা পাড়া সড়ক দিয়ে স্থানীয় বিজয় রামা বৌদ্ধ বিহার ও রাখাইন পাড়া প্রদক্ষিণ করে পুনরায় রাখাইন কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। এতে বিভিন্ন পাড়ার শতাধিক রাখাইন নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাণ ও প্রকৃতি গবেষক পাভেল পার্থ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কারিতাসের প্রজেক্ট সমন্বয়কারী জামাল হোসেন, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক অংকোছান, সদস্য মেথুস এবং সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মংম্যা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাখাইন জনগোষ্ঠী বর্তমানে গুরুতর অস্তিত্ব সংকটের মুখোমুখি। একসময় বিস্তীর্ণ বনভূমি আবাদ করে যারা নিজেদের আবাসস্থল গড়ে তুলেছিলেন, সময়ের ব্যবধানে তারাই নিজ ভূমিতে পরবাসী হওয়ার পরিস্থিতিতে পড়েছেন।
বক্তারা বলেন, রাখাইন জনগোষ্ঠীর ভূমির অধিকার সুরক্ষিত না হলে এবং তাদের সামাজিক, সাংস্কৃতিক ও কৃষ্টি-কালচার সংরক্ষণে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না থাকলে ভবিষ্যতে এ সম্প্রদায়ের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
সভায় বক্তারা রাখাইন সম্প্রদায়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক অধিকার রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
মতামত