পটুয়াখালীর কলাপাড়ায় নাস্তা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া নামে এক নারী সহকারীকে জুতা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমার বিরুদ্ধে। এ ঘটনায় আহত লামিয়াকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কলাপাড়ার ম্যাক্স হাসপাতালের ওই চিকিৎসকের চেম্বারের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নাস্তা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে চিকিৎসক ও তাঁর নারী সহকারীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চিকিৎসক জুতা দিয়ে লামিয়াকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক এ বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে ম্যাক্স হাসপাতাল থেকে বের হয়ে অটোরিকশায় চলে যান বলে জানা গেছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি বলেন , এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সামান্য কারণে একজন নারী সহকারীর ওপর এমন মারধরের অভিযোগ স্থানীয়ভাবে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার বক্তব্য এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
মতামত