মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার সুবিদখালী বাজার কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্ত, দর্শনার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তাঁর এ পরিদর্শনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরিদর্শনকালে সুবিদখালী বাজার কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সে আয়োজিত এক বিশেষ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্নেহাংশু সরকার কুট্টি। অনুষ্ঠানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে উৎসব উদযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
সুবিদখালী বাজার কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি নিখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সদস্য মোস্তাক আহমেদ পিনু, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহসভাপতি আহসানউল্লাহ পিন্টু, সদস্য মোবারক আলী মুন্সি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন দৃঢ় করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের মধ্য দিয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের চর্চা আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপেও শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজার আনুষ্ঠানিকতা, ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা স্থানীয়দের।
মতামত