পটুয়াখালীতে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি কার্যক্রমের উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে ওয়াশ খাতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাস্তবায়িত ‘বিল্ডিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এন্টারপ্রেনারশিপ’ (BW&SE) প্রোগ্রামের জেলা পর্যায়ের সমাপনী, সমন্বয় ও ফেজ-আউট সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের অর্জন পর্যালোচনার পাশাপাশি কার্যক্রম শেষ হওয়ার পরও গৃহীত উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের অর্থায়ন ও কারিগরি সহায়তায় ঢাকা আহ্ছানিয়া মিশন (ডিএএম) প্রকল্পটি বাস্তবায়ন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীনের সভাপতিত্বে সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, ওয়াশ উদ্যোক্তা, কমিউনিটি প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা এইচপিএ (HPA) অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারী উদ্যোক্তা নুসরাত জাহান লামিয়া।
সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষে বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী প্রদীপ মণ্ডলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়া ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের অপারেশনাল ম্যানেজার সনাতন চন্দ্র দে উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম, অর্জন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও প্রাপ্ত ফলাফল তুলে ধরা হয়। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ার পর স্থানীয় পর্যায়ে গড়ে ওঠা উদ্যোগগুলো কীভাবে সচল রাখা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের ব্যবসা, স্যানিটেশন ও পরিচ্ছন্নতাসেবা, কমিউনিটি গ্রুপের কার্যক্রম এবং যুব ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণে গড়ে ওঠা উদ্যোগগুলোর স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। এসব উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় পর্যায়ে কার্যকর ব্যবস্থাপনা, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন অংশগ্রহণকারীরা।
বক্তারা বলেন, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না; বরং প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা উদ্যোগগুলো দীর্ঘমেয়াদে কার্যকর রাখার জন্য স্থানীয় জনগোষ্ঠীর মালিকানাবোধ, দায়িত্বশীলতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ, উদ্যোক্তা ও কমিউনিটির মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।
সভা শেষে প্রকল্পের আওতায় প্রস্তুত করা ‘ডিস্ট্রিক্ট ওয়াশ প্রোফাইল’ (District WASH Profile), ‘প্রজেক্ট প্রোগ্রেস বুক’ (Project Progress Book) এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগগুলো অব্যাহত রাখার ক্ষেত্রে এ ধরনের সমন্বয় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে পটুয়াখালী জেলায় নিরাপদ পানি ও স্যানিটেশন কার্যক্রমকে আরও সুসংহত করা এবং স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা ধরে রাখার সুযোগ তৈরি হবে।
মতামত