শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ৩০০টি শাড়ি বিতরণের জন্য হস্তান্তর এবং উপজেলার ১৭টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে এসব সহায়তা প্রদান করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছে বিতরণের জন্য ৩০০টি শাড়ি হস্তান্তর করা হয়। পাশাপাশি উপজেলার ১৭টি পূজামণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সিসহ বিএনপি ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, “হিন্দু-মুসলিম আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের আসল পরিচয়। যার যার ধর্ম নির্বিঘ্নে উদযাপন করবেন—এটাই স্বাভাবিক।”
তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সরকার কাজ করে যাচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে এই সহায়তা প্রদানের মাধ্যমে পূজামণ্ডপগুলোর আয়োজন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের উৎসব উদযাপনে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। শাড়ি বিতরণ ও আর্থিক সহায়তার এ কর্মসূচি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
কলাপাড়ায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মধ্য দিয়ে উৎসব উদযাপনের প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মতামত