ভোলার লালমোহন উপজেলায় প্রান্তিক নারীদের জীবনদক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ২০ জন গ্রামীণ নারীকে নিয়ে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর আর্থিক সহায়তায় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় এর আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিবিডিপি এবং লালমোহন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ফরাজগঞ্জ ইউনিয়নের ২০ জন ভিডব্লিউবি উপকারভোগী প্রান্তিক নারী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে নারীদের জীবনদক্ষতা উন্নয়ন, পরিবার পরিকল্পনা, সামাজিক সচেতনতা, আয়বর্ধক জীবিকা নির্ধারণ এবং আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে নারীদের সক্রিয় ও টেকসই অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, মা ও শিশুর পুষ্টি এবং পরিবার পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা, বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আরও কার্যকর ভূমিকা পালনে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়বর্ধক জীবিকা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর কৌশল নিয়েও আলোচনা করা হয়। সোশ্যাল ম্যাপিংয়ের মাধ্যমে এলাকার বিদ্যমান সম্পদ ও সুযোগ চিহ্নিত করে হাঁস-মুরগি পালন, গবাদিপশু পালন, শাকসবজি চাষ, হস্তশিল্প এবং ক্ষুদ্র ব্যবসার মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণের সম্ভাবনা তুলে ধরা হয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নারীরা কীভাবে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে পরিবারের আয় বাড়াতে পারেন, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া প্রশিক্ষণে পারিবারিক বাজেট তৈরি, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় পরিচালনা এবং নিয়মিত সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত ব্যয় ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট উদ্যোগের আওতায় আগামী এক বছরে লালমোহন উপজেলার ২ হাজার ৭৫২ জন প্রান্তিক নারীকে ধারাবাহিক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে নারীদের জীবনযাত্রার মানোন্নয়ন, আয়বর্ধক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের এ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ভিডব্লিউবি উপকারভোগী নারীরা নিজেদের দক্ষতা বিকাশ, স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহার এবং আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার বিষয়ে প্রয়োজনীয় ধারণা ও দিকনির্দেশনা পাচ্ছেন। ধারাবাহিক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কার্যকরভাবে বাস্তবায়িত হলে প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজে তাঁদের অর্থনৈতিক ভূমিকা জোরদারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
মতামত