ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পর্যটন

পটুয়াখালীজুড়ে পর্যটন সম্ভাবনা খুঁজছে সরকার, সম্ভাব্য স্থানে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

কুয়াকাটার গণ্ডি ছাড়িয়ে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় পর্যটনের সম্ভাবনা কাজে লাগিয়ে নতুন অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন ও যাচাই করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান ফিরোজ।মঙ্গলবার (৬ অক্টোবর) পটুয়াখালীতে সম্ভাব্য পর্যটন অবকাঠামো নির্মাণের স্থান পরিদর্শনে যান বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান ফিরোজ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।পরিদর্শনকালে পর্যটনকেন্দ্রিক বিভিন্ন স্থাপনা নির্মাণের উপযোগিতা, যোগাযোগব্যবস্থা, পরিবেশগত বিষয় এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরির সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেওয়া হয়। সম্ভাব্য স্থানগুলোতে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পার্ক, কনভেনশন সেন্টার, সিনেপ্লেক্সসহ বিভিন্ন ধরনের পর্যটন অবকাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান ফিরোজ বলেন, পর্যটনকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। নতুন পর্যটন গন্তব্য তৈরি এবং বিদ্যমান পর্যটন এলাকাগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।তিনি বলেন, শুধু একটি নির্দিষ্ট পর্যটনকেন্দ্রকে ঘিরে নয়, একটি জেলার বিভিন্ন সম্ভাবনাময় স্থানকে সমন্বিতভাবে পর্যটন নেটওয়ার্কের আওতায় আনা গেলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হতে পারে। এতে পর্যটকদের অবস্থান ও ভ্রমণের পরিধি বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও ব্যবসার সুযোগও তৈরি হবে।সংশ্লিষ্টরা বলছেন, সমুদ্রসৈকত কুয়াকাটার পাশাপাশি পটুয়াখালীর নদ-নদী, চরাঞ্চল, গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন ঐতিহ্যকে কেন্দ্র করে পর্যটনের নতুন ক্ষেত্র তৈরি করার সুযোগ রয়েছে। এসব সম্ভাবনা পরিকল্পিতভাবে কাজে লাগাতে হলে আধুনিক অবকাঠামোর পাশাপাশি যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিত করা প্রয়োজন।সম্প্রতি পটুয়াখালীর পর্যটন সম্ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায়ও জেলার বিভিন্ন এলাকাকে পর্যটনের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। সেখানে কুয়াকাটাকে কেন্দ্র করে পর্যটন কার্যক্রম জেলার অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরা হয়।স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্ভাব্য স্থানগুলো যাচাই শেষে পর্যটন অবকাঠামো নির্মাণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পর্যটন খাতে পরিকল্পিত বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন করা গেলে পটুয়াখালীতে পর্যটকদের জন্য নতুন গন্তব্য তৈরির পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পটুয়াখালীজুড়ে পর্যটন সম্ভাবনা খুঁজছে সরকার, সম্ভাব্য স্থানে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান