গতকাল শুক্রবার (৯ অক্টোবর) ইউনিয়নটিতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন ও হস্তান্তর সম্পন্ন হয়। আলেমকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে দোকানটিতে টুপি, আতর, তসবিহ, মিসওয়াকসহ বিভিন্ন ধরনের ইসলামিক সামগ্রী সরবরাহ করা হয়। এসব সামগ্রী দিয়ে সাজানো দোকানটি তাঁর হাতে তুলে দেন সংগঠনের সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা মো. ইয়াসিনুর রহমান আজাদী উপস্থিত ছিলেন। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোকানটি উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগী আলেম। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই উদ্যোগ তাঁর জীবনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে সম্মানজনকভাবে উপার্জন করে জীবিকা নির্বাহের পথ খুলে দিয়েছে। এ জন্য তিনি ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ’ এবং উদ্যোগটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
সংগঠনটির দায়িত্বশীলরা জানান, অসহায় এই আলেম যেন অন্যের কাছে হাত না পেতে নিজের ও পরিবারের জীবিকা সম্মানজনকভাবে নির্বাহ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মতে, অসহায় মানুষের হাতে সাময়িক সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি আয়ের ব্যবস্থা করে দেওয়া জরুরি। এতে একজন মানুষ নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পান এবং পরিবারের দায়িত্ব পালনে সক্ষম হন।
তাঁরা আরও জানান, ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মূল লক্ষ্য হলো অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং তাঁদের স্বাবলম্বী হতে সহযোগিতা করা। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের দায়িত্বশীলরা।
অসহায় একজন আলেমের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।