মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ বিপিএম।
অনুষ্ঠানে পুলিশ সুপার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের লেখাপড়ায় আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন। একই সঙ্গে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
জানা গেছে, ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ (জিপিএ-৫.০০) অর্জনকারী পটুয়াখালী জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার মোট ১৩ জন পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত এসব শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি ও সম্মাননা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে পুলিশ সদস্যদের সন্তানদের শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনে উৎসাহিত করার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভার স্বীকৃতি দেওয়া হচ্ছে।
বৃত্তি বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কৃতী শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।