ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পটুয়াখালী জেলার ছোট বিঘাই ইউনিয়ন শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও ঘোষণা করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এক সাংগঠনিক আলোচনা সভা ও সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও প্রকাশ করা হয়।
সংগঠনের মূলনীতি—"কর্মীই শক্তি, সংগঠনই সফলতা" এবং "আল্লাহর দ্বীন, মানবতার কল্যাণ"—এই স্লোগানকে ধারণ করে ছোট বিঘাই ইউনিয়ন এলাকায় ইসলামী আন্দোলনের কাজকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন নেতৃত্বের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত নতুন কমিটিতে মোঃ আবুল হোসেন গাজী সভাপতি এবং মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করতে ইঞ্জিনিয়ার ইউসুফ জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাওলানা রাসেল মাহমুদ সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ইসলামী শরিয়াহ নির্দেশিত ও সুন্নাহভিত্তিক আদর্শ সমাজ গঠনে ছোট বিঘাই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক ভিত শক্ত করা হবে। পাশাপাশি স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, দ্বীনি দাওয়াত ছড়িয়ে দেওয়া এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি এবং নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।