আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। দুর্গাপূজাকে ঘিরে জেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের বিষয়গুলো সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন, পিপি অ্যাডভোকেট নুরুল আমিন, এডিএম সজল চন্দ্র শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং ইউএনও শাহ আজিজ।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি উৎসব চলাকালে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।