বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার ৬৫টি মন্দিরে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে মোট ৩৯ হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ চাল বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোতে এ সরকারি সহায়তা দেওয়া হয়েছে।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছালেহ আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করবেন। দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ইসলাম অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের সুযোগ দিতে হবে।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
চাল বিতরণ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে নিতাই চন্দ্র দেবনাথ, অতুল চন্দ্র পাল ও রাখাল চন্দ্র দাস উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সরকারি সহায়তার চাল পাওয়ায় পূজা আয়োজকদের মধ্যে স্বস্তি দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসন ও স্থানীয় পর্যায়ের সমন্বিত উদ্যোগে বাউফলের বিভিন্ন পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্ভব হবে।