সোমবার (৫ অক্টোবর) সকালে শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা এতে অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আলমগীর হোসেন। এরপর গীতা পাঠ করেন রুকিন চক্রবর্তী।
জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পশুরীসুনীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র দাস এবং সহকারী প্রধান শিক্ষক শবনম মুস্তারি। এ সময় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং সমাজে শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জনের পাশাপাশি শিক্ষকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার সাতজন শ্রেষ্ঠ শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে শিক্ষকেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
দিবসটির আয়োজনের মধ্য দিয়ে শিক্ষকদের অবদানকে স্মরণ করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক আরও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।