বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয়ভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
কর্মসূচিতে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়িঘর, অফিস-আদালত, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব।’ জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
পরে ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের আন্তরিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা এস ডি আবদুল্লাহ শিবলী, পৌর জামায়াতের সেক্রেটারি মো. নুরুল আলমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।