বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির (রেজি. নং–এস-১৫৩৬(৯৬)/৯৩) পটুয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশন শেষে আগামী তিন বছরের জন্য জেলা কমিটির নেতৃত্বে পুনরায় সৈয়দ মো. মিজানুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান ও মো. মেহেদী হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতারা অংশ নেন।
পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জু লাল দে।
কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মো. কামরুল হাছান, সাধারণ সম্পাদক এ.টি.এম মুনীরুজ্জামান, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি মো. আলী আকবর এবং কেন্দ্রীয় সদস্য কে.এম মজিবুর রহমান খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
শিক্ষক সুমন চন্দ্র দাস, পূজা প্রিয়া হরি ও মঈদুল হক যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি সৈয়দ মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান।
এ ছাড়া জেলার আটটি উপজেলার শিক্ষক নেতারাও বক্তব্য দেন। বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন বিষয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং শিক্ষকসমাজের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কাউন্সিলের অধিবেশন শেষে আগামী তিন বছরের জন্য সৈয়দ মো. মিজানুর রহমানকে সভাপতি, মো. মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
কাউন্সিলে পটুয়াখালী জেলার আটটি উপজেলা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
নতুন মেয়াদের নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে কাউন্সিলের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।