এ বিষয়ে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী গত ৯ সেপ্টেম্বর ২০২৬ প্রধানমন্ত্রীর কাছে একটি ডিও লেটার দেন। ওই চিঠিতে পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ডিও লেটারে উল্লেখ করা হয়, পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে পটুয়াখালীর যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পাশাপাশি পায়রা বন্দর, কুয়াকাটা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জেলার অর্থনৈতিক গুরুত্ব ও সম্ভাবনা ক্রমেই বাড়ছে।
চিঠিতে আরও বলা হয়, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পটুয়াখালী শহরে জনসংখ্যাও বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে আবাসন, সড়ক যোগাযোগ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং যানজট নিয়ন্ত্রণের মতো নাগরিক সেবার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান পৌর কাঠামোর মাধ্যমে ক্রমবর্ধমান এই নাগরিক চাহিদা পূরণ ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে উল্লেখ করে পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় চিঠিতে।
এরই পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়। এতে সংসদ সদস্যের দেওয়া আবেদনের বিষয়টি উল্লেখ করে পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই চিঠিতে এ-সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদনও যথাসময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, পটুয়াখালীকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে যোগাযোগ, বন্দর, পর্যটন ও উচ্চশিক্ষা খাতে নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। বিশেষ করে পায়রা বন্দর ও কুয়াকাটাকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হওয়ায় শহর ও আশপাশের এলাকায় নগরায়ণের চাপও বাড়ছে।
এ অবস্থায় উন্নত পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক যোগাযোগ ও স্বাস্থ্যসেবাসহ আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে নগর প্রশাসনের সক্ষমতা বাড়ানোর বিষয়টি সামনে এসেছে।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের অর্থ এই নয় যে পটুয়াখালী ইতোমধ্যে সিটি করপোরেশনে রূপান্তরিত হয়েছে। সংশ্লিষ্ট চিঠির তথ্য অনুযায়ী, বর্তমানে সম্ভাব্যতা যাচাই ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পর্যায়ে রয়েছে বিষয়টি। চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এখন সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী প্রশাসনিক কার্যক্রম কত দ্রুত এগোয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।