পটুয়াখালীর কুয়াকাটায় উৎসবের আমেজে অনুষ্ঠিত হয়েছে কুয়াকাটা প্রেসক্লাব মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুয়াকাটা প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের সরব উপস্থিতি। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সহযোগিতা ও বিনিয়োগের মাধ্যমে যুক্ত থাকা ব্যক্তিদেরও দেওয়া হয় সম্মাননা। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বিজয়ী খেলোয়াড় ও সহযোগীদের হাতে এসব পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ডিএম এমদাদুল হক, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. আজিজ হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপির একান্ত সচিব আমিনুল ইসলাম মহসিন, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন সুলতান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জসিমউদ্দীন বাবুল, হোটেল খান প্যালেসের চেয়ারম্যান আ. রহিম খান, হোটেল প্রেসিডেন্ট পার্কের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুক এবং শিকদার রিসোর্টের এজিএম আল আমিন খান উজ্জ্বলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে কুয়াকাটা প্রেসক্লাবের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রেসক্লাবের পক্ষ থেকে সামাজিক ও ক্রীড়ামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
মেগা ফাইনাল উপলক্ষে কুয়াকাটা প্রেসক্লাব মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। স্থানীয় ক্রীড়াপ্রেমী, সাংবাদিক, পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ফাইনাল ম্যাচ উপভোগ করেন। খেলাকে ঘিরে পুরো মাঠ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।