বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ বন্ধ, নদ-নদীতে নজরদারি বৃদ্ধি এবং জেলেদের সচেতন করাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণসহ নিষিদ্ধ কার্যক্রম বন্ধে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে প্রশাসনের পাশাপাশি মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সভায় ইলিশের প্রজনন মৌসুমে নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা ও নজরদারি জোরদার, নিষেধাজ্ঞা কার্যকর করা, জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মিলন মিঞা, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল আলম, গণ অধিকার পরিষদ বাউফল উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিরাও সভায় অংশ নেন। সভায় ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।