বুধবার (৩০ সেপ্টেম্বর) মির্জাগঞ্জ থানায় আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার ১৯টি দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে মির্জাগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবুল কর্মকার কালু ও সাধারণ সম্পাদক তারক দাসসহ নেতৃবৃন্দ থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় পূর্ব সুবিদখালী শ্রী শ্রী রাধাগোবিন্দ ও দুর্গামন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি দিবস মালীসহ উপজেলার বিভিন্ন দুর্গামন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, পূজা চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় ওসি মো. তৌহিদুজ্জামান পূজা উদযাপনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।