মাসব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপ্তি হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহরের বনানী এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত কর্মী সভার মধ্য দিয়ে মাসব্যাপী এ সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপিকা শিরীন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় জেলা শাখার সাধারণ সম্পাদক মোর্শেদা ইয়াসমিন, সহসভাপতি রাশিদা বেগম ও আয়শা হুমায়রা, সহসাধারণ সম্পাদক ফেরদৌসী হ্যাপি এবং সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ হাওয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভায় বক্তারা ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক মাস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরেন। মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে সদস্যদের সম্পৃক্ততার বিষয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সমন্বয় গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মহিলা পরিষদের কার্যক্রমকে আরও অর্থবহ ও গতিশীল করতে সংগঠনের সব পর্যায়ের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মী সভায় সাংগঠনিক মাসে নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার বিষয়ে সদস্যদের মধ্যে মতবিনিময় হয়।
সাংগঠনিক মাসের সমাপনী উপলক্ষে আয়োজিত এ কর্মী সভায় বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।