সোমবার সন্ধ্যায় উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন পূর্ব পানপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গলাচিপা থানার এসআই মো. আ. হাকিমের নেতৃত্বে অভিযানে এএসআই মো. রুবেল হাওলাদার, এএসআই মো. মিজানুর রহমান, এএসআই হাইসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানের সময় মো. রাব্বি মীরের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁর বাবা মো. আল আমিন মীরের বসতঘরের পাশে পুকুরের দক্ষিণ পাড়ে তল্লাশি চালিয়ে ১৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পিতা-পুত্র দুজনকেই আটক করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করে চোলাই মদ প্রস্তুত এবং তা খুচরা ও পাইকারি বিক্রির জন্য সংরক্ষণ করার কথা জানিয়েছেন।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১৯(ক)/২৪(গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৬০।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ বলেন, আটক পিতা-পুত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে গলাচিপা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।