সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, পটুয়াখালীর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহসিন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়।
অনুষ্ঠানের শুরুতে ‘সনাক কর্তৃক পরিচালিত পটুয়াখালী জেলার সরকারি অফিসসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৬’ শীর্ষক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। এতে পটুয়াখালী জেলার ৮১টি সরকারি ওয়েব পোর্টালের তথ্য পর্যবেক্ষণের চিত্র তুলে ধরেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। একই সঙ্গে আগের বছরের তুলনায় চলতি বছরের পরিস্থিতির তুলনামূলক চিত্রও উপস্থাপন করা হয়।
সরকারি ওয়েব পোর্টালগুলো নিয়মিত ও পূর্ণাঙ্গভাবে হালনাগাদ করার বিষয়ে অনুষ্ঠানে সাত দফা সুপারিশ তুলে ধরা হয়। এসব সুপারিশের মধ্যে রয়েছে—ওয়েব পোর্টালের তথ্য শতভাগ হালনাগাদ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল নিয়মিত আপডেট রাখা, পরিবর্তনযোগ্য তথ্য যথাসময়ে সংশোধন ও সংযোজন করা এবং প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করা।
এ ছাড়া স্বতন্ত্র সরকারি ওয়েবসাইটের লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত করা এবং তথ্য অধিকার বাস্তবায়নে নজরদারি ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বক্তারা বলেন, জনগণের তথ্য জানার অধিকার একটি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হচ্ছে জনগণের প্রয়োজনীয় তথ্য সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য করা। একই সঙ্গে তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোও জরুরি।
তারা বলেন, সরকারি দপ্তরের ওয়েব পোর্টালগুলো নিয়মিত ও পূর্ণাঙ্গভাবে হালনাগাদ রাখা হলে জনগণ ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। এতে তথ্যের জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তথ্য প্রকাশে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় জেলা তথ্য অফিসের উপপরিচালক অনিমেষ হালদার, সনাক সভাপতি অ্যাডভোকেট সহিদুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সনাক ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ডিজিটাল মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের তথ্য অধিকার কার্যকর করতে সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।