পটুয়াখালীর দুমকি উপজেলায় লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মৃত শাহ আলম আকনের গোয়ালঘর এবং সংলগ্ন কবুতরের বাসায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে লেবুখালী ইউনিয়নের এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে হঠাৎ শাহ আলম আকনের বাড়ির গোয়ালঘর ও এর পাশে থাকা কবুতরের বাসায় আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
আগুনে গোয়ালঘর, কবুতরের বাসা এবং সেখানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়ে থাকতে পারে। ঘটনাটিকে তারা রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে।
শাহ আলম আকনের মেজো ছেলে, লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন বলেন, “আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করিনি, কারও কোনোদিন ক্ষতি করিনি। কিন্তু আজ আমার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার।”
তিনি আরও বলেন, আগুনে গোয়ালঘর ও কবুতরের বাসাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে পরিবারের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ এবং এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।