পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) পটুয়াখালী সদর থানার এসআই (নিরস্ত্র) ইব্রাহিম খলিলের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) বায়েজীদ, এএসআই (নিরস্ত্র) সুমন হাওলাদারসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সদর থানার শিমুলবাগ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খানবাড়ি এলাকায় রাকিব খানের বসতঘরের প্রধান দরজার সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে রাকিব খান ও পপি বেগমকে আটক করে। পরে তাদের কাছ থেকে সাদা ও স্বচ্ছ পলিথিনে মোড়ানো ২৩টি পুরিয়া উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা পুরিয়াগুলোতে মোট ৭ গ্রাম কথিত হেরোইন ছিল।
গ্রেপ্তার রাকিব খান ওই এলাকার মো. ফরিদ খানের ছেলে এবং পপি বেগমের স্বামী মো. আনিচ গাজী। তাদের উভয়ের বাড়ি পটুয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিমুলবাগ এলাকায়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।