নারীর অধিকার, মানবাধিকার’—এই স্লোগান সামনে রেখে পটুয়াখালীতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা মহিলা পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নারী অধিকার, মানবাধিকার, নারীর সামাজিক মর্যাদা এবং নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পটুয়াখালী জেলা মহিলা পরিষদের সভাপতি শিরিন নাহারের সভাপতিত্বে এবং ফাহমিদা আমবেরীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ মোফাজ্জেল হোসেন খান, শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান মিলন, বিশিষ্ট সমাজসেবক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোর্শ্বেদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ এবং প্রশিক্ষণ, গবেষণা ও গ্রন্থাগার সম্পাদক খাদিজা সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিত করতে হলে নারী-পুরুষ উভয়কেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু আইন ও নীতিমালা প্রণয়ন করলেই নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং সমাজের সর্বস্তরে ইতিবাচক মানসিকতা ও সচেতনতা তৈরি করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, নারীর প্রতি বৈষম্য, সহিংসতা ও বিভিন্ন ধরনের সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সম্মিলিত উদ্যোগ জরুরি। নারীদের শিক্ষা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পুরুষদেরও এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা নারী ও মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং বিদ্যমান সমস্যা মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে শিরিন নাহার নারী অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ মহিলা পরিষদের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার বাস্তবায়ন ও মানবিক সমাজ গঠনে নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবার ও সমাজে নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।