সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সভাপতি ও দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।
এর আগে রোববার সকাল ১০টায় একই মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.কে.এম শফিকুল ইসলাম।
গ্রীষ্মকালীন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস সম্পাদক মো. জাহিদুল ইসলাম ও মো. হানিফ সিকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি এন.কে. আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আঃ জব্বার হাওলাদারসহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শরীরচর্চা শিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
আয়োজক সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবলসহ মোট ২০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বালক-বালিকা শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অতিথিরা তাদের অভিনন্দন জানান। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
এ সময় শিক্ষক ও আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।